ঘাড়ে দাগ কেন হয়, কীভাবে কমাবেন?

ঘাড়ে কালচে দাগ দেখলে অনেকেই মনে করেন, জায়গাটা ময়লা হয়েছে, ভালো করে ঘষে পরিষ্কার করলেই চলে যাবে। যার ফলে অনেকে অতিরিক্ত ঘষাঘষি করে ইরিটেশন এমনকি মাইক্রো টিয়ারের সৃষ্টি করেন।
অনেকে আবার বিভিন্ন রকমের ঘরোয়া টোটকা যেমন: চিনি না লবণ দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করেন। ক্ষতিকর হোয়াইটিনিং ক্রিম ব্যবহার করতেও অনেকে পিছ পা হন না।
কিন্তু ঘাড়ে কালো দাগ মানেই কী ময়লা?
নাহ, ঘাড়ে কালো দাগের পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে।
ঘাড় কালচে হতে পারে কেন?
ঘাড়ের ত্বক পাতলা এবং প্রতিদিন এখানে ঘর্ষণ, ঘাম, রোদ এবং বিভিন্ন প্রোডাক্টের সংস্পর্শ লাগে। বারবার এই ধরনের স্ট্রেস বা কোনো ইরিটেশন হলে ত্বক নিজেকে রক্ষা করার চেষ্টায় বেশি পিগমেন্ট তৈরি করে, ফলে জায়গাটা কালচে দেখায়। এটাকে সহজ ভাষায় বলা যায়, ত্বকের একধরনের প্রতিক্রিয়া, দুর্বলতা নয়।
তবে ঘাড়ের ত্বক যদি শুধু কালচে না হয়ে একই সঙ্গে মোটা এবং মখমলের মতো (velvety) মনে হয়, তাহলে এটি অ্যাকানথোসিস নাইগ্রিক্যানস (Acanthosis Nigricans) নামের একটি অবস্থার লক্ষণও হতে পারে।
এটি সবসময় শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যা নয়। এমন পরিবর্তন লক্ষ্য করলে অনুমান করে নিজে থেকে ট্রিটমেন্ট শুরু না করে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া ভালো।
ঘাড়ের কালচে দাগ কমাতে কী করবেন?
• জোরে স্ক্রাব বা বারবার ঘষাঘষি করবেন না। এতে ইরিটেশন বেড়ে পিগমেন্টেশন আরও বাড়তে পারে।
• বাইরে বের হলে মুখের পাশাপাশি ঘাড়েও সানস্ক্রিন ব্যবহার করুন।
• ঘাম জমে থাকা, কাপড়ের ঘর্ষণ বা কোনো নতুন প্রোডাক্ট ব্যবহারের পর ইরিটেশন হচ্ছে কি না লক্ষ্য করুন।
• দাগ দীর্ঘদিন থেকে গেলে বা ত্বক মোটা ও মখমলের মতো মনে হলে শুধু স্কিনকেয়ার প্রোডাক্ট দিয়ে সমাধান খোঁজার আগে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।
ঘাড়ের কালচে দাগের পেছনের কারণ বুঝে যত্ন নিলে সঠিকভাবে এগোনো সহজ হয়। প্রত্যেকের ত্বকের প্রতিক্রিয়া একরকম নয়, তাই একই রুটিন সবার ক্ষেত্রে একইভাবে কাজ নাও করতে পারে।

























